প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলাদেশ থেকে আম উপহারের পর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে উপহারের ১শ কার্টনভর্তি ৬শ পিস আনারস আসে। এটি ওই রাজ্যের বিখ্যাত ‘কিউ’ জাতের সুমিষ্ট আনারস।

গত ৩০ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতের আম্রপালি ও হাড়িভাঙা আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় (জিরো পয়েন্টে) ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া, আগরতলা কাস্টমস সুপারিন্টেনডেন্ট দেবাশীষ নন্দী চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তীর কাছে উপহারের আনারস তুলে দেন।

আনারসগুলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।

ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় এবং রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছিলেন। সেই কারণে ফিরতি উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।

এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কার্টেসীঃ বাংলা ভিশন

মতামত দিন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * দিয়ে চিহ্নিত।