জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিনদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প–২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
মানিকগঞ্জে আয়োজিত এই ক্যাম্পে মোট ১২০ জন রোভার অংশ নিচ্ছেন, যার মধ্যে ৭০ জন ছেলে রোভার এবং ৫০ জন গার্ল ইন রোভার রয়েছেন। ক্যাম্পের তৃতীয় দিনে অংশগ্রহণকারী রোভারদের দীক্ষা ও ব্যাজ প্রদান করা হবে।
জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে রোভার স্কাউটদের ভূমিকা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, রোভার স্কাউট আন্দোলনের মাধ্যমে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চিত হয় এবং মহৎ কাজে যুক্ত হওয়ার ব্রত নিয়েই রোভাররা দীক্ষা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত মোট চারজন পিআরএস (President’s Rover Scout) অর্জন করেছেন, যা গ্রুপটির গৌরবোজ্জ্বল সাফল্যের প্রমাণ।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)–এর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, “জাতি যখন ক্রান্তিলগ্নে পড়ে, তখন রোভার স্কাউটরা ত্রাণকর্তা হিসেবে ভূমিকা পালন করে। তাদের শান্তি-শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ড সবাইকে মুগ্ধ করে।”
এ সময় জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের মধ্যে রোভার স্কাউট অন্যতম। তিনি আশা প্রকাশ করেন যে, এই দীক্ষায় অংশগ্রহণকারীরা ক্যাম্পাস ছাড়াও দেশ ও জাতির সেবায় কাজ করে যাবেন।
রোভার স্কাউট আন্দোলনের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবসেবার আদর্শকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে দীক্ষা অনুষ্ঠান, ব্যাজ প্রদান, তাঁবুবাস এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম সফল হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
এ সময় রোভার স্কাউট গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
source: the next news




